বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। একদিনের রিমান্ড শেষে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করার সিদ্ধান্ত নেন।
গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামান বাগবিতণ্ডায় জড়ান এবং তাকে হুমকি দেন। এছাড়া সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
এই ঘটনার জেরে দায়ের করা মামলায় শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার একদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে মামলাটি করা হয়।

















