সাতক্ষীরার পাটকেলঘাটায় ঢাকা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ দাস প্রতিদিনের মতো সকালে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মহাসড়ক থেকে প্রায় ২০ হাত দূরে পাশের একটি জলাশয়ে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনার পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আটকে যায়। বাসটি বর্তমানে দুর্ঘটনাস্থলের পাশেই কাত হয়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে তার বাড়িতে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ আইনগতভাবে তদারকি করছে। দায়ী সোহাগ পরিবহনের বাসটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া বিষয়টি খর্নিয়া হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

















