আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর লিওনেল মেসির অধ্যায় শেষ হয়েছে বলে ধরে নিয়েছিলেন ভক্তরা। তবে নতুন করে শোনা যাচ্ছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে দেশের মাটিতে বিশেষ প্রীতি ম্যাচের আয়োজন করার উদ্যোগ নিচ্ছে। এই আয়োজনের মাধ্যমে কিংবদন্তি এই ফুটবলারকে আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গ্রাভেলোনে ও মাক্সিমিলিয়ানো গ্রিয়োর তথ্য অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিকে কেন্দ্র করে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল, কর্দোবা অথবা রোসারিওতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা চলছে।
এএফএর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল খেলা মেসির ফিটনেস নিয়ে কোনো শঙ্কা নেই। তবে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামার সিদ্ধান্তটি পুরোপুরি মেসির ইচ্ছার ওপর নির্ভর করছে। তিনি যদি সম্মতি জানান, তবেই ভক্তরা বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে শেষবারের মতো ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিতে মাঠ মাতাতে দেখবেন।

















