প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৯। মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিনাবালুতে অনুমতি ছাড়া আরোহণ করে দুর্ঘটনায় পড়ার দায়ে এক ক্রোয়েশীয় পর্বতারোহীকে ২৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা। ৪৬ বছর বয়সী ওই পর্বতারোহীর নাম মাউরো পারসিক, যিনি লন্ডনে বসবাস করেন।
ঘটনার সূত্রপাত ৬ সেপ্টেম্বর, যখন পারসিক মাউন্ট কিনাবালুতে ওঠার জন্য কোনো অনুমোদিত পথ ব্যবহার না করে একটি অনির্ধারিত পথ বেছে নেন। আরোহণের সময় তিনি প্রায় ১০ মিটার নিচে পড়ে গিয়ে ডান পা ও পাঁজরে গুরুতর আঘাত পান। মোবাইল ফোনের দুর্বল সংকেতের মধ্যেই তিনি জরুরি সহায়তার জন্য এসওএস পাঠান। এরপর টানা পাঁচ দিন ধরে ৪৩ জনের একটি উদ্ধারকারী দল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে তাকে পাহাড় থেকে নিচে নামিয়ে আনে। দুর্গম এলাকা, বৃষ্টিপাত ও কম দৃশ্যমানতার কারণে উদ্ধারকারীদের দড়ি ও মই ব্যবহার করে স্ট্রেচারে করে তাকে উদ্ধার করতে হয়।
আটকে থাকা অবস্থায় পারসিককে কয়েক দিন খাবার ছাড়াই কাটাতে হয়েছে। নিকটবর্তী একটি ঝরনা থেকে পানি সংগ্রহ করে তিনি কোনোমতে টিকে ছিলেন। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তার ঘুমের ব্যাগ ভেসে গেলেও একটি পাথরের সঙ্গে যুক্ত দড়ি ধরে তিনি নিজেকে রক্ষা করেন।
বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে অবস্থিত ৪ হাজার ৯৫ মিটার উচ্চতার এই পর্বতটি স্থানীয় কাদাজানদুসুন জনগোষ্ঠীর কাছে সাংস্কৃতিক ও আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবাহ পার্কস কর্তৃপক্ষের মাধ্যমে জরিমানা পরিশোধের পর পারসিককে পাহাড়ের নিরাপত্তাবিধি ও অনুমোদিত পথ ব্যবহারের নিয়ম সম্পর্কে অবহিত করা হয়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পারসিক স্থানীয় জনগণের কাছে ক্ষমা চেয়ে দাবি করেন যে, তার উদ্দেশ্য আইন ভাঙা বা প্রবেশ ফি এড়ানো ছিল না। তিনি পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আকস্মিকভাবেই আরোহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবেশের ক্ষতি না করার চেষ্টা করলেও তিনি স্বীকার করেন যে, নিজের সিদ্ধান্তের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন না।
মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত পথের বাইরে আরোহণ কেবল পর্যটকের নিজের জীবনই ঝুঁকিতে ফেলে না, বরং উদ্ধারকারী দলের সদস্যদের জন্যও বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর পর্যটকদের প্রশিক্ষিত গাইড এবং নির্ধারিত পথ অনুসরণ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
















