অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ মাহফিল কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাট

প্রতিবেদক
সব খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে ওয়াজ মাহফিলে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের যুবকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মির্জাচরের যুবকরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে চরলাপাং গ্রামের মেঘনা নদী তীরবর্তী বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে, নারীদের মারধর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওয়াজ মাহফিলে তর্কের এক পর্যায়ে মির্জাচরের যুবকরা ফিরে গিয়ে পরবর্তীতে নৌকাযোগে দলবল নিয়ে পুনরায় গ্রামে প্রবেশ করে। তারা পিস্তল ও শর্টগানসহ বিভিন্ন দেশি অস্ত্রের মহড়া দেয় এবং ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হামলায় হোসেন মিয়া, সিদ্দিকুর রহমান, নছর মিয়া, খায়ের মিয়া, আবুল কাশেম ও উজ্জল মিয়ার পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতির পরিমাণ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। হামলাকারীরা আশপাশের আরও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়ে বীরদর্পে নদী পার হয়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মেঘনা নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা বর্তমানে চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা এই ঘটনাকে দুর্ধর্ষ ডাকাতির চেয়েও ভয়ানক বলে বর্ণনা করেছেন। তবে পরবর্তী হামলার ভয়ে অনেকেই হামলাকারীদের নাম প্রকাশ করতে চাচ্ছেন না।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মোরশেদ আলম চৌধুরী জানান, চরলাপাং গ্রামের ঘটনার কথা তারা শুনেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৮: ২৬আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৮: ২৮

সব খবর