নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রত্যাহারের মাত্র একদিনের মাথায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ২৮তম বিসিএস কর্মকর্তা ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছাঃ সুমনী আক্তারকে নাটোরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া একই রাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের পরিচালক ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনার জেরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এই রদবদল নিয়ে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কারণেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করা হয়েছে। তবে বিদায়ী জেলা প্রশাসক আসমা শাহীন তার প্রত্যাহারকে সরকারি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেন। এদিনই নতুন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার নাটোরে যোগদান করেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষের জেরে লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার পাশাপাশি ছবি ও ভিডিও ধারণের সময় সাত সাংবাদিককেও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর ১৭ আগস্ট লালপুর ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু মাসুদ রানা এবং ১৮ আগস্ট বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শুকুর আলী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করেন। এতে বিএনপি ও ছাত্রদলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন।

















