জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। দলটির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেকোনো সময় নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দলীয় একটি সূত্র চ্যানেল ২৪-কে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন কমিটির প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব পদের পাশাপাশি দুইজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দুইজন সিনিয়র যুগ্ম সদস্যসচিব রাখার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া রাজনৈতিক পর্ষদের অবশিষ্ট ১০ জন সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদানের প্রস্তাব রাখা হয়েছে।
বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে তাদের বর্তমান দায়িত্বের ক্ষেত্রেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে কমিটির সদস্যদের নাম কিংবা দায়িত্ব বণ্টনের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

















