আইন হলো সমাজকে সুন্দর, স্বাধীন ও সুশৃঙ্খলভাবে পরিচালনার একটি মাধ্যম। এই পৃথিবীতে আইন মূলত দুইভাবে সৃষ্টি হয়েছে, যথা—১. স্বয়ং আল্লাহ কর্তৃক প্রেরিত আইন এবং ২. মানব রচিত আইন। ইসলামি শরিয়াহ আইন হলো আল্লাহ প্রদত্ত ভারসাম্যপূর্ণ জীবনবিধান, যা কুরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটি এমন এক জীবনপদ্ধতি যা মুসলমানদের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রদান করে। মানুষের সার্বিক কল্যাণ সাধনই শরিয়তের মূল লক্ষ্য।
ইসলামি আইনের অন্যতম বৈশিষ্ট্য হলো এর সমতা। আরব দেশের আইনের কথাই ধরুন, সেখানে ধনী-গরিব সবার জন্য আইন সমান। সে জন্য আইনের প্রতি তারা খুবই শ্রদ্ধাশীল। আরবরা অন্যায়ভাবে মানুষ খুন করে না, কারণ শরিয়াহ আইনে খুনের বদলে খুন করা হয়। ওরা চুরি করে না হাত কাটার শাস্তির ভয়ে। বিপরীতে, মানুষের তৈরি পশ্চিমা আইনে প্রায়ই অর্থের বিনিময়ে রায় প্রভাবিত হওয়ার সুযোগ থাকে এবং ধনীরা অধিক আইনি সুবিধা ভোগ করে। শরিয়াহ আইন অপরিবর্তনশীল ও ঐশ্বরিক, যেখানে অপরাধের শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত।
বর্তমানে শরিয়াহ আইনের অনুপস্থিতিতে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। মানুষ আইনকে তোয়াক্কা করছে না এবং দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে। কুরআনের আইন ও বিধিবিধান মানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘তিনিই প্রেরণ করেছেন আপন রাসুলকে হেদায়েত ও সত্য দ্বীন সহকারে, যেন এ দ্বীনকে অপরাপর দ্বীনের ওপর জয়যুক্ত করেন।’ (সুরা তওবা : ১৩)। আল্লাহ পাক সুরা মায়েদার ৪৮ নম্বর আয়াতে বলেছেন, ‘আমি তোমাদের প্রত্যেকের জন্য জীবনবিধান ও সুস্পষ্ট জীবনযাপন প্রণালি নির্ধারণ করে দিয়েছি।’ (সুরা মায়েদা : ২০)।
আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা তাওহিদে রুবুবিয়াতের অংশ। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি বিধান অনুসরণ করে, তাদের ব্যাপারে কুরআনে কঠোর সতর্কবার্তা রয়েছে। ইসলাম শুধু নামাজ, রোজা বা হজের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রীয় ও সামাজিক জীবনেও এর পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন। আরব দেশগুলোতে কুরআনের আইন অনুসরণের ফলে সেখানে অপরাধের হার অনেক কম। অথচ আমাদের দেশে মামলার দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতায় সাধারণ মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।
পরিশেষে, ইসলামি শরিয়াহ আইন প্রতিষ্ঠা ছাড়া সমাজে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। নবীজি (সা.) ও সাহাবায়ে কেরাম আল্লাহর আইন ও সুন্নত প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করেছেন। আমাদেরকেও পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য ইসলামি জীবনবিধান ও শরিয়তকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করতে হবে। আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন।

















