সিন্ডিকেট শব্দটি ইংরেজি, যার অর্থ গুদামজাত করা বা মজুদ করে রাখা। আরবিতে এর প্রতিশব্দ হলো ‘আল-ইহতিকার’। প্রথম আরবি অভিধান রচয়িতা খলিল ইবনে আহমদ আল-ফারাহিদি (রহ.)-এর মতে, খাদ্যদ্রব্য বা খাদ্যজাত অন্যান্য জিনিস জমা করে রাখা এবং মূল্যবৃদ্ধির অপেক্ষায় তা আটকে রাখাকে ইহতিকার বা মজুদদারি বলে। হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.)-এর মতে, নিজের প্রয়োজন মেটানোর পর এবং জনগণের প্রয়োজন থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির আশায় খাদ্যদ্রব্য বিক্রি থেকে বিরত থাকাই হলো সিন্ডিকেট বা মজুদদারি। ইমাম আওজায়ি (রহ.) বলেন, যে ব্যক্তি পণ্য বাজারজাতকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই মজুদদার। অর্থাৎ, বাজারে মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ করার উদ্দেশ্যে ক্রয়কাজে নিয়োজিত ব্যক্তিকেই মজুদদার বলা হয়।
বর্তমান বাজারে সিন্ডিকেটের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে। তারা কম মূল্যে পণ্য কেনার জন্য টিসিবির লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে। এর মূল কারণ হলো এই সিন্ডিকেট। সরকার প্রতিটি পণ্যের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দিলেও, কিছু অসাধু মহল সেই সুযোগ নিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে বাজারে পণ্যের কৃত্রিম সংকট দেখা দিলে তারা উচ্চমূল্যে সেই পণ্য বাজারজাত করে। এতে পণ্যের দাম আকাশচুম্বী হয়, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। ফলে নিম্ন ও মধ্যবিত্ত জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ইসলামে অতি মুনাফার উদ্দেশ্যে খাদ্যসামগ্রী মজুদ করাকে কঠোরভাবে হারাম করা হয়েছে। এটি ইসলাম কর্তৃক খাদ্যদ্রব্যের সুষম বণ্টন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দিক। মজুদদারির ফলে গুটিকয়েক ব্যক্তির হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী জমা থাকে এবং তারা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করে। এই কাজটি সম্পূর্ণ অমানবিক ও নৈতিকতা বিবর্জিত হওয়ায় ইসলামে সিন্ডিকেটকে নাজায়েজ ও হারাম ঘোষণা করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শুধু পাপী ব্যক্তিই মজুদদারি বা সিন্ডিকেট করে থাকে।’ (মুসলিম: ১৬০৫)। ফিকহের কিতাব অনুযায়ী, বেশি মূল্যে খাদ্য বিক্রির আশায় বাজারমূল্য কম থাকা অবস্থায় খাদ্যদ্রব্য কিনে গুদামজাত করা এবং অত্যধিক প্রয়োজনের সময় তা উচ্চমূল্যে বিক্রি করা সকল ইসলামি আইনজ্ঞের মতে হারাম। (আল-ফিকহুল মুয়াসসার: ৬/৪৫)। এই ধরনের কর্মকাণ্ডে জনসাধারণ ক্ষতির সম্মুখীন হয় এবং যারা এতে যুক্ত, তারা অবৈধ মজুদদারির অপরাধে অপরাধী হয়। ইসলাম সাধারণ জনগণকে এই ধরনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য মজুদদারি নিষিদ্ধ করেছে।
সমাজের সকল শ্রেণির মানুষের জন্য খাদ্যসামগ্রীর অবাধ প্রাপ্যতা নিশ্চিত করতে ইসলাম খাদ্যের অবৈধ মজুদ নিষিদ্ধ করেছে। মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, খাদ্যসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপাদান, উপকরণ, খাদ্যশস্য ইত্যাদি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হারাম। (আল-জামে লি উলুমি ইমাম আহমদ: ৯/১৫৯)। ইমাম আবু দাউদ (রহ.) বলেন, ইমাম আহমদ বিন হাম্বল (রহ.)-কে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিস গুদামজাত করা নিষেধ। তিনি উত্তরে বলেছিলেন, মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ যেসব ক্ষেত্রে মানুষের জীবন ও জীবিকা (খাদ্য) নির্ভর করে, সেসব ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হারাম।
তবে সকল মজুদদারি হারাম নয়। সমাজে প্রচলিত কিছু হারাম মজুদদারির ধরন হলো: ১. স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য কিনে বেশি লাভের আশায় এমনভাবে গুদামজাত করা, যার ফলে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ে। ২. কোনো দ্রব্য এমন পরিমাণে গুদামজাত করা, যার ফলে ক্রেতারা চরম সংকটের সম্মুখীন হয়। ৩. মানুষের খাদ্য সংকটকালে যেকোনো পরিমাণ খাদ্যদ্রব্য গুদামজাত করা। ৪. বাজারে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টির উদ্দেশ্যে গুদামজাত করা। এসব অবস্থায় মাল গুদামজাত করা নিষিদ্ধ ও গোনাহের কাজ। ৫. এই ধরনের সিন্ডিকেট শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, বরং গাড়ি, লঞ্চ বা ট্রেনের টিকেটের ক্ষেত্রেও দেখা যায়। টিকেট থাকা সত্ত্বেও টিকেট নেই অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের জন্য মালিকরা টিকেট সিন্ডিকেট করে। বর্তমানে এটি এক ধরনের মহামারিতে পরিণত হয়েছে। এসব সিন্ডিকেটের মাধ্যমে মূলত পাইকারি, মধ্যস্থতাকারী, খুচরা ব্যবসায়ী ও মালিকপক্ষ লাভবান হয়, আর সাধারণ জনগণ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইসলাম এ ধরনের বৈষম্য ও জুলুমকে চিরতরে হারাম ঘোষণা করেছে। কারণ, এতে সাধারণ গরিব-দুঃখী ও অসহায় মানুষ চরম কষ্টে ভোগে। আল্লাহর কাছে তাদের ফরিয়াদ সমাজ ও রাষ্ট্রের জন্য দুর্ভিক্ষসহ নানা কঠিন আজাব ডেকে আনতে পারে। আল্লাহতায়ালা বলেন, ‘যারা বিনা দোষে মুমিন পুরুষ ও নারীকে কষ্ট দেয়, তারা অতি বড় মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গোনাহের বোঝা নিজেদের মাথায় তুলে নেয়।’ (সুরা আহজাব: ৫৮)।
অবৈধ খাদ্যসামগ্রী মজুদ করা এমন একটি কাজ যা মানুষকে আল্লাহর অভিশাপের ভাগী বানায়। মজুদদারের প্রতি রাসুলুল্লাহ (সা.) অভিসম্পাত করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমদানিকারক রিজিকপ্রাপ্ত আর মজুদদাররা লানতপ্রাপ্ত, অভিশপ্ত।’ (মুসনাদে দারেমি: ২৫৮৬)। রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য মজুদ করে, আল্লাহ তাকে কুষ্ঠরোগে আক্রান্ত করবেন অথবা দেউলিয়া বানিয়ে দেবেন।’ (আল-মুন্তাখাবুল আদাবি: ১৭)। যারা মজুদদার, তারা রাসুলুল্লাহ (সা.) কর্তৃক চিহ্নিত পাপিষ্ঠ। তিনি বলেছেন, ‘পাপিষ্ঠ ছাড়া কেউ মজুদদার হতে পারে না।’ (মুসলিম: ১২২৮)।

















