প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৭
জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা ফিরিয়ে আনা, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। তিনি বলেন, অতীতে সংবিধানে আল্লাহর প্রতি ঈমান ও আস্থার বিধান মূল উৎস হিসেবে থাকলেও পরবর্তীতে তা বাতিল করা হয়েছে। দেশের ৯০ শতাংশের বেশি মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার দায়িত্ব পেলে মূল কাজ হলো সালাত কায়েম ও জাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করা।
সংসদ সদস্য মুজিবুর রহমান তার বক্তব্যে আসর ও মাগরিবের নামাজের জন্য নির্ধারিত বিরতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই সময়টুকু কাজে লাগিয়ে সুস্থ মুসলিম সদস্যদের মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। তিনি সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসনিক উদ্যোগে নামাজ কায়েম ও জাকাত চালু হলে নাগরিকদের চরিত্র গঠনের পাশাপাশি পরকালের জবাবদিহিতার পথ সুগম হবে বলেও তিনি স্পিকার ও প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।
সংসদ সদস্যের বক্তব্যের জবাবে অধিবেশনের চেয়ার থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ধর্ম পালনের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের ওপর নির্ভরশীল। ইসলাম মানবতার ধর্ম উল্লেখ করে তিনি বলেন, সঠিক উপায়ে ধর্ম পালন করলে বেহেশত পাওয়া যাবে আর অবহেলায় জাহান্নাম অবধারিত—এটিই বিধান। স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, সংসদীয় নোটিশ জারি করে কাউকে জোরপূর্বক ধর্ম পালনে বাধ্য করা যায় না, তবে বক্তব্যে প্রকাশিত অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সবাই যেন আল্লাহর বিধান মেনে চলেন সেই আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বুধবারের এই অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে আরও কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন। এ সময় চট্টগ্রামের হাটহাজারীতে সামরিক মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় দুজন সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি উত্থাপিত হলে স্পিকার পয়েন্ট অব অর্ডারের সঠিক নিয়ম স্মরণ করিয়ে দেন।

















