‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ পর্যালোচনা করে সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা উপধারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। এছাড়া বিলের বিভিন্ন দিক, সংশ্লিষ্ট বিধান এবং এর বাস্তবায়নসংক্রান্ত বিষয় নিয়ে সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বিল দুটি সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ অংশ নেন। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

















