সারা দেশে নতুন করে বাড়তি কোনো ক্রীড়া অবকাঠামো নির্মাণ না করে বরং বিদ্যমান স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ‘দ্য স্পোর্টিভা’র উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, গত ১২ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে, বিদ্যমান অবকাঠামোগুলোকে আগে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এরপর যদি প্রয়োজন হয়, তবেই কেবল নতুন করে ক্রীড়া অবকাঠামো তৈরির কথা ভাবা যাবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জমি অধিগ্রহণের ব্যয় অনেক বেশি, তাই নির্ধারিত ৮ বিঘার চেয়ে ছোট জমি পাওয়া গেলেও সেটিকে মাঠ হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে। সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম আসরটি সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় উদ্বোধন করা হয়েছিল, যা গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। বর্তমানে ১০টি ইভেন্ট সামনে রেখে দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন চলছে।
ময়মনসিংহকে নারী ক্রীড়াবিদ তৈরির উর্বর ক্ষেত্র হিসেবে উল্লেখ করে ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েদের প্রশংসা করেন আমিনুল হক। এছাড়া খুব শীঘ্রই প্রধানমন্ত্রী তার বাসভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল, নারী হকি দল, ক্রিকেট দল এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ পুরস্কারপ্রাপ্ত কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।

















