ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’
একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত কার্ড প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তার আধা ঘণ্টার মধ্যেই তাকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। নিজের এক্সে তারেক রহমানের পোস্টটি শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
উল্লেখ্য যে, ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জীবনের ৭৬তম জন্মদিন অতিবাহিত করেছেন।

















