ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রবীণ ইসলামী পণ্ডিত ও মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
মাদ্রাসায় প্রবেশের সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে মোবারকবাদ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি গাড়ি থেকে নেমে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান, যেখানে তাদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লামা শাহ মুহিব্বুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বৈঠক চলাকালীন সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। এছাড়াও সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
প্রাথমিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী উক্ত সভায় সভাপতিত্ব করেন।

















