গত ৭ জুলাই থেকে শুরু হওয়া অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নিম্নাঞ্চল ও প্রত্যন্ত এলাকাগুলো মারাত্মকভাবে প্লাবিত হয়েছিল। এই প্রাকৃতিক দুর্যোগে শত শত মানুষের ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি পুকুর, জলাশয় এবং মাছের ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার ৯ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় উপস্থিত হয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন টিনের ঘরের চাবি তুলে দেন। চাবি হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

















