শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ৫০৩টি উপজেলায় এই কর্মসূচির দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
খুলনা সফরকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দর এলাকা থেকে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর কাটাখালী ও কুদির বটতলা হয়ে তিনি খুলনা সার্কিট হাউজে উপস্থিত হন এবং সেখান থেকে জেলা স্টেডিয়ামে পৌঁছান। এর আগে রূপসা উপজেলার তিলক কুদির তলায় নির্মিত পথসভা মঞ্চে দুপুর ২টা ১৬ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ বাসযোগে প্রধানমন্ত্রী পৌঁছালে সাধারণ মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন।
মঞ্চে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ভারত থেকে দেশ অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় চব্বিশের মতো আবারও একটি আন্দোলন গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

















