দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করি। তবে দাঁত ব্রাশ করার ক্ষেত্রে সাধারণ কিছু ভুল অনেক সময় দাঁতের ক্ষতি ডেকে আনে। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অপূর্ব চৌধুরী জানান, দাঁত ব্রাশ করার সময় দুটি সাধারণ ভুল প্রায়ই দেখা যায়। প্রথমটি হলো খাবার খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করা এবং দ্বিতীয়টি হলো দাঁত মাজার সাথে সাথেই মাউথ ওয়াশ ব্যবহার করা।
খাবার খাওয়ার পরপরই ব্রাশ করা কেন ক্ষতিকর, তার ব্যাখ্যায় বলা হয়েছে, আমাদের খাবারে থাকা অ্যাসিড দাঁতের ওপরের স্তরে লেগে থাকে। খাওয়ার সাথে সাথে ব্রাশ করলে সেই অ্যাসিড দাঁতের এনামেল বা আবরণের ক্ষতি করে। তাই নিয়ম হলো, যেকোনো খাবার বা রাতের খাবারের অন্তত ২০ মিনিট, আর সম্ভব হলে ৪৫ মিনিট পর দাঁত ব্রাশ করা।
মাউথ ওয়াশের ব্যবহার প্রসঙ্গে ডা. অপূর্ব চৌধুরী বলেন, অনেক দামী টুথপেস্টেই মাউথ ওয়াশ উপাদান হিসেবে থাকে, যা দাঁতের সুরক্ষায় যথেষ্ট। টুথপেস্টে প্রতি মিলিলিটারে ১৪৫০ ফ্লুরাইড পার্টিক্যাল থাকে, যেখানে মাউথ ওয়াশে থাকে মাত্র ২২০ পার মিলিলিটার। টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পরপরই মাউথ ওয়াশ ব্যবহার করলে দাঁতের সুরক্ষা প্রদানকারী ফ্লুরাইড ধুয়ে যায়। তাই ব্রাশ করার পর কুলি না করে কেবল থুতু ফেলে দেওয়াই উত্তম, যাতে ফ্লুরাইড দাঁতে বেশিক্ষণ অবস্থান করতে পারে।
অনেকে ছোটবেলা থেকে কুলি করার অভ্যাসে অভ্যস্ত হওয়ায় এই পরামর্শটি মেনে নিতে দ্বিধা বোধ করেন। তবে দীর্ঘদিনের ভুল অভ্যাস দাঁতের ক্ষতি করে। মুখ এবং হাত শরীরের জীবাণু প্রবেশের প্রধান পথ হওয়ায় দাঁতের যত্নে ব্যক্তিগত ধারণার চেয়ে চিকিৎসকদের বৈজ্ঞানিক গবেষণালব্ধ পরামর্শ মেনে চলাই বুদ্ধিমানের কাজ।

















