ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা নিয়মিত অভিনয়ে না থাকলেও বিনোদন অঙ্গনের নানা কর্মকাণ্ডে সরব থাকেন। উপস্থাপনা, বিজ্ঞাপনচিত্র, ফটোশুট কিংবা বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে তিনি এখনো আলোচনার কেন্দ্রে। এরই ধারাবাহিকতায় সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন এই তারকা। এক কোটি অনুসারীর পেজে ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। গোলাপি পোশাক পরিহিত হাস্যোজ্জ্বল ছোট্ট মেয়েটির ছবিটিতে ইতোমধ্যে প্রায় অর্ধলক্ষ রিঅ্যাকশন এবং তিন হাজারের বেশি মন্তব্য জমা হয়েছে।
ছবিটি সম্পর্কে জানতে চাইলে পূর্ণিমা জানান, ছবিটি যখন তোলা হয়, তখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়তেন। সেই সময় বাবার চাকরির সুবাদে তাঁদের পরিবার ঢাকার তৎকালীন পিজি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকত। তিনি সায়েন্স ল্যাব এলাকার বিসিএসআইআর স্কুলে পড়াশোনা করতেন। ছবিটি তোলার দিনটি ছিল ঈদের সকাল। পূর্ণিমা স্মৃতিচারণা করে বলেন, ঈদের আগে মা নিউমার্কেট থেকে টিস্যু কাপড় কিনে আনতেন এবং নিজের পছন্দমতো গোলাপি রঙের জামা বানিয়ে দিতেন। মায়ের সবসময়ই ইচ্ছা ছিল মেয়েরা যেন সবার থেকে একটু আলাদা দেখায়। ঈদের দিন সকালে সেমাই খাওয়ার পর ছবিটি তোলা হয়েছিল বলে জানান তিনি।
অনেক বছর পর নিজের ছোটবেলার ছবিটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ছবিটি দেখে ভক্তদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা জাগল। সেই সাথে শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন তিনি। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা। রিয়াজের বিপরীতে প্রথম চলচ্চিত্রেই তিনি দর্শকের নজর কাড়েন। প্রায় ২৮ বছরের অভিনয় জীবনে তিনি ৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তাঁর অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ চলচ্চিত্রে তাঁকে দেখা গেছে। নতুন সিনেমার প্রস্তাব পেলেও নিজের পছন্দসই গল্পের অপেক্ষায় আছেন এই চিত্রনায়িকা।

















