বাংলাদেশ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রতিবেদক
সব খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদায় ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে র‍্যাবের পক্ষ থেকে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। কোনো স্বার্থান্বেষী মহল বা সন্দেহভাজন গোষ্ঠী যাতে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের নাশকতা, হামলা বা অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে উসকানিমূলক বা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকেও কঠোর নজর রাখা হচ্ছে।

জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী গুজব, বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার কিংবা উসকানিমূলক মন্তব্য ও ছবি ছড়ানো হচ্ছে কি না, তা শনাক্ত করতে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।

র‍্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, হিজরি সনের ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদের (সা.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন, যা বাংলাদেশে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।

সব খবর