রাজধানীর আগারগাঁও এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ওরফে স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি)। আজ সোমবার তাকে আটকের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবি মিজানুর রহমানকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, স্বপনের বিরুদ্ধে শেরেবাংলা নগর এবং মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ উল্লেখযোগ্য।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “এসআরবি মিজানুর রহমানকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

















