রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সংগঠনের আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিষ্কৃতরা হলেন রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং বিশাল চক্রবর্তী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সংগঠনের সাংগঠনিক পদ এবং ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রনেতা সাজু। তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়।
এর আগে গতকাল রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সশস্ত্র মহড়া দেওয়ার ফুটেজ ধারণ করায় কয়েকজন সাংবাদিককে বেধড়ক পেটায় ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের হামলায় আহত সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত আগামীর সময় পত্রিকার প্রতিনিধি জাহিদুল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীদের ফুটেজ থাকলেও হল কর্তৃপক্ষ কারও নাম উল্লেখ না করে নগরীর মতিহার থানায় একটি মামলা করেছে।

















