চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু সোমবার (১৭ আগস্ট) একদিনেই দেশে এক হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা প্রবাসী আয় এসেছে। গত বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টের এই ১৭ দিনে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত সামগ্রিক রেমিট্যান্স প্রবাহের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৬০ শতাংশে।

















