সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ভয়াবহ হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় আরও ৩০৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। এর কয়েকদিন আগে থেকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলার দাবি করে আসছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলের কোনো আরব দেশে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। রিয়াদকে আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যে পরিকল্পনা রয়েছে, গত কয়েক সপ্তাহের ধারাবাহিক এসব হামলা তা বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এসব হামলার কারণে আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনগুলোও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সৌদি যুদ্ধবিমানগুলো ইয়েমেনে হুতিদের বিভিন্ন অবস্থানে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। হুতিদের অভিযোগ, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব ইয়েমেনে শত শত বিমান হামলা চালিয়েছে, যাতে শিশুসহ বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। গত প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যেখানে রিয়াদ বিমানবন্দরকে হুতিরা তাদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে।

















