সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররা বর্তমানে দেশে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে।
অনুষ্ঠানটি ছিল ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত একটি মানবিক কার্যক্রম, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লকাই বিশ্বাসের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়। একই সঙ্গে লকাই বিশ্বাসের চিকিৎসা সহায়তা এবং স্থানীয় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে রিজভী বলেন, বিশ্ববাজারে যুদ্ধের নেতিবাচক প্রভাবে জ্বালানির দাম বেড়েছে, আর সেই পরিস্থিতি সামাল দিতেই সরকার দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। একই সঙ্গে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বিলাসী জীবনযাপনের অভিযোগ তোলেন। এছাড়া নিউ ইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদ্দাছের আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন, বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















