ছোটপর্দার গ্ল্যামারাস অভিনেত্রী সাদিয়া আয়মান নিজের অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। সাদিয়া জানান, বর্তমানে তিনি নতুন একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন একটা প্রজেক্টের শুটিং করে এখানে এসেছি। ফ্যামিলি এক্সপ্রেস নাটকে আমি এবং সাজ্জাদ ভাই কাজ করছি।’
একজন অভিনেত্রী হিসেবে সবসময় শক্তিশালী গল্প ও অর্থবহ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সাদিয়া। তিনি মনে করেন, তার অভিনীত কাজ যেন পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারেন। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি খুব কম কাজ করি। ভালো গল্প পেলেই কাজ করি। গল্পটা কী বলছে, সমাজকে কী দিচ্ছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সব কাজেই যে মেসেজ থাকবে এমন নয়, তবে দিন শেষে কাজটা পরিবার নিয়ে সবাই দেখে। আমি চাই বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ আমার কাজ দেখতে পারুক। পাশাপাশি আমার চরিত্রের কী ধরনের প্রভাব আছে, সেটাও খেয়াল করি।’
বড় পর্দায় নিজের অভিনয়ের মাধ্যমে নতুনভাবে দর্শকদের মন জয় করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত দুটি সিনেমায় কাজ করেছি এবং দুটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। চাই আমার পরবর্তী সিনেমার চরিত্র কাজলরেখা ও উৎসব-এর জেসমিনকেও ছাড়িয়ে যাক। সুযোগ পেলে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই।’
ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে সাদিয়া জানান, তিনি ছোটপর্দা আর বড়পর্দা বলে আলাদা কিছু দেখেন না। তার ভাষ্যমতে, ‘অভিনয় তো অভিনয়ই। ছোটপর্দায় কম ভালো আর বড়পর্দায় বেশি ভালো অভিনয় করি এমন নয়। অভিনয় সবসময় মন দিয়ে করতে হয়, সর্বোচ্চ চেষ্টা দিতে হয়।’

















