ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। জাতিসংঘের এই সংস্থা এবং বাংলাদেশের কর্তৃপক্ষের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের তদন্তের মুখে বুধবার তিনি এই সিদ্ধান্ত নেন। তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ কার্যকর হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তার পদত্যাগপত্রটি পর্যালোচনা করেছে। এতে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসকে জানিয়েছেন, দায়িত্ব পালনে তাকে বাধা দেয়ায় সংস্থার নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। পাশাপাশি প্রায় এক বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় তার আর্থিক অবস্থাও অসহনীয় হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছর মেয়াদে সায়মা ওয়াজেদ আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৫ সালের জুলাইয়ে তাকে প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও, যা পরবর্তীতে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে রূপান্তর করা হয়। এর আগে ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করে। ক্ষমতাচ্যুত সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। সায়মার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে চীন সফরকে কেন্দ্র করে আর্থিক প্রতারণা, নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেয়া এবং ঢাকায় অবৈধভাবে জমি অধিগ্রহণ।
সায়মা ওয়াজেদ এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। আইনজীবীদের মাধ্যমে পাঠানো চিঠিতে তিনি দাবি করেন, চীন সফর সংক্রান্ত প্রতারণার অভিযোগটি মূলত তার একজন সহকারীর প্রশাসনিক ভুলের ফল, যার পরিমাণ ছিল ৯০১ ডলার। এছাড়া তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এবং জমি অধিগ্রহণের বিষয়টিও যথাযথ ও বৈধ ছিল বলে তিনি দাবি করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি দেশগুলোর সেবা করতে চেয়েছিলেন, কিন্তু তাকে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে বাধা দেয়া হয়েছে। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাকে আনুষ্ঠানিকভাবে সরানোর প্রস্তুতি চলছিল। আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালকের জন্য মনোনয়ন আহ্বান করা হতে পারে এবং ডিসেম্বরে যাচাই-বাছাই শেষে ২৪ জানুয়ারি নির্বাচনের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভপতি হিসেবে দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় সায়মা ওয়াজেদ এই পদত্যাগ করলেন।

















