সৌদি আরবে মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও, এখন থেকে শুধুমাত্র এই ভিসা থাকলেই সরাসরি দেশটিতে প্রবেশ করা যাবে না। গত ১৬ আগস্ট রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ পালনের জন্য প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে মন্ত্রণালয়ের নির্ধারিত কিছু শর্ত পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাত্রার আগে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি, নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পারমিট সংগ্রহ করাও এখন বাধ্যতামূলক। জুলাই মাসে চালু হওয়া এই ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকে এবং এর মধ্যে মোট ৯০ দিন দেশটিতে অবস্থান করা যায়। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার প্রবেশের সময় এই নতুন প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে, যার মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া ওমরাহ পারমিটে উল্লিখিত তারিখ এবং সার্ভিস প্যাকেজের তারিখ অবশ্যই মিল থাকতে হবে। সৌদি আরবে পৌঁছানোর পর ভ্রমণকারীর তথ্য নথিভুক্ত করা হবে এবং দেশ ছাড়ার সময়ও তথ্য হালনাগাদ করা হবে, যাতে ৯০ দিনের অনুমোদিত অবস্থানের হিসাব রাখা সম্ভব হয়।
প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রেও নুসুকের মাধ্যমে অনুমোদিত প্যাকেজ কেনার মাধ্যমেই পুরো প্রক্রিয়া শুরু করতে হবে। সৌদি আরবে প্রবেশের আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে এবং দেশটিতে প্রবেশের ক্ষেত্রে অন্যান্য নির্ধারিত নিয়মকানুনও যথাযথভাবে পালন করতে হবে। মূলত ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে মুসল্লিদের আরও সুবিধা দিতেই সৌদি কর্তৃপক্ষ এই নতুন ব্যবস্থা কার্যকর করেছে।

















