শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টানা ৯ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর ফলে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির এই সময়সীমার সাথে সাপ্তাহিক ছুটির দিনগুলো যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ বৃদ্ধি পেয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শুরু হবে। এরপর দুর্গাপূজার নির্ধারিত ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।
নির্ধারিত ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে দেশের সব বিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হবে এবং সেদিন থেকেই নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

















