স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশের লস গ্যালার্ডোস এলাকায় একটি ভয়াবহ দাবানলে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৩ জন নিখোঁজ হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিভিই শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। আন্দালুসিয়ার প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোর তথ্যমতে, এই দাবানলে ইতিমধ্যে ৪,০০০ হেক্টরেরও (৯,৮৮৩ একর) বেশি জমি ভস্মীভূত হয়েছে। আঞ্চলিক সরকার এটিকে আন্দালুসিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত ভার্জেন ডেল রসিও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আরও চারজন সামান্য আহত হয়েছেন। নিহতদের পার্শ্ববর্তী বেদার পৌরসভার একটি ছোট গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে আগুনের শিখায় পুড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার রাস্তার পাশের একটি নালা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে, তবে প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। সাম্প্রতিক তাপপ্রবাহের কারণে এলাকাটি অত্যন্ত শুষ্ক ছিল। এর ওপর ঘণ্টায় ৫০ কিলোমিটারেরও (৩১ মাইল) বেশি বেগে বাতাস প্রবাহিত হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
আন্দালুসিয়ার স্বাস্থ্য, প্রেসিডেন্সি ও জরুরি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আন্তোনিও সানজ এই আগুনকে অঞ্চলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি এটিকে একটি নজিরবিহীন ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন। আগুন ক্রমাগত বাড়তে থাকায় কর্তৃপক্ষ বনাঞ্চলের দাবানল মোকাবিলা পরিকল্পনাকে জরুরি ধাপে উন্নীত করেছে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিতে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট তাদের ১৫০ জন সদস্য মোতায়েন করেছে।

















