স্পেনে চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত তীব্র তাপদাহে ৫ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিষয়ক একটি ইনস্টিটিউটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে মৃত্যুর পরিসংখ্যান রাখা শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউটের এই তথ্য অনুযায়ী, ২০২২ সালের একই সময়ে ৪ হাজার ৬৫২ জনের মৃত্যুর যে সর্বোচ্চ রেকর্ড ছিল, তা এবার ছাড়িয়ে গেছে। এর আগে গত বছর একই সময়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৬৫১ জন এবং ২০২৪ সালে তা ছিল ১ হাজার ৯৭৭ জন।
স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেমের ডেটা বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। যদিও এই সিস্টেমের ডেটা সরাসরি তাপমাত্রার সঙ্গে মৃত্যুর কারণ শতভাগ নিশ্চিত করে না, তবে তাপদাহ যে মৃত্যুর পেছনে একটি নিষ্পত্তিমূলক কারণ ছিল, সে বিষয়ে এটি সবচেয়ে নির্ভরযোগ্য ধারণা দেয়। অতিরিক্ত গরমের কারণে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার প্রচেষ্টায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়াই মূলত তাপপ্রবাহজনিত মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন যে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু সংকটের কারণে ইউরোপের চরম তাপপ্রবাহগুলো আগের চেয়ে দীর্ঘ, তীব্র ও ঘন ঘন ঘটছে। স্পেনের আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, ১৯৬১ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে জুলাই মাসটি দেশটির ইতিহাসে অন্যতম উষ্ণ মাস ছিল। এছাড়া ইউরোপের খরায় আক্রান্ত অন্যান্য অঞ্চলেও তাপমাত্রার নতুন রেকর্ড ভাঙছে। এদিকে, চলতি সপ্তাহে স্পেনের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা সেপ্টেম্বর মাসের স্বাভাবিক পরিস্থিতির তুলনায় বেশ অস্বাভাবিক।

















