গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ওসিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জৈনা বাজার ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে, যার ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ অতিবাহিত হলেও বেতন পাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করেনি। গত শনিবার বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও তা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধের পর শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে পুনরায় বিক্ষোভ চালিয়ে যান।
শ্রমিকদের ভাষ্যমতে, প্রতি মাসে বেতনের জন্য তাদের এভাবে আন্দোলনে নামতে হচ্ছে। সময়মতো বেতন না পাওয়ায় ঘরভাড়া পরিশোধ, দোকানের বাকি মেটানো এবং পরিবারের দৈনন্দিন খরচ চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শতাধিক শ্রমিক প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বিষয়টি নিয়ে ওসিন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















