মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেয়নি। দেশের প্রতিটি গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানে দলটি নেতৃত্ব দিয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনে আধুনিক মিট প্রসেসিং সেন্টার ও আধুনিক চিড়িয়াখানা প্রতিষ্ঠা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি। যতবার দেশে গণ-আন্দোলন হয়েছে, ততবার বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং জনগণ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে নির্বাচিত করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে একটি দল জনগণের বিপক্ষে ছিল, সে কারণেই তাদের রাজাকার বলা হয়। তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল এবং এটি অস্বীকার করার সুযোগ নেই।
আওয়ামী লীগের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন বলেন, একবার বাকশাল কায়েম করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, পরে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত হয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে মানুষের প্রত্যাশা বিএনপির প্রতি বেশি, কারণ মানুষ বিশ্বাস করে তাদের কাছে গেলে সেবা পাওয়া যাবে।
রাজশাহীর উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য ও প্রাণিসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পশুর কোনো অংশ যেন অপচয় না হয়, সে লক্ষ্য নিয়ে কাজ করা হবে এবং বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের সুযোগ তৈরি করা হবে। তিনি আরও বলেন, রাজশাহীর আগের চিড়িয়াখানাটি কার্যত ধ্বংস হয়ে গেছে, সেটিকে আধুনিকায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি ইতিবাচক মত দিয়েছেন। রাজশাহী কৃষি, আম, রেশম ও মৎস্য উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বক্তব্য দেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী রাজশাহী চিড়িয়াখানা ও ফুলতলা এলাকায় প্রস্তাবিত আধুনিক কসাইখানা পরিদর্শন করেন। দুপুরে তিনি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগির খামার পরিদর্শন করেন এবং বিকেলে শহীদ জিয়া শিশু পার্কে যান।

















