২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় প্ররোচনা, সহযোগিতা এবং উসকানির অভিযোগে দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস ট্রাইব্যুনালের চিফ প্রসেকিউটারের কাছে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস জানান, জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন নির্যাতন চালানো হচ্ছিল, তখন অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে সরাসরি উসকানি প্রদান করেছেন। এছাড়া গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও তারা জুলাই যোদ্ধাদের কটাক্ষ করে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।
অভিযোগপত্রে নাম আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন: ১. ফেরদৌস আহমেদ, ২. মেহের আফরোজ শাওন, ৩. রিয়াজ আহমেদ, ৪. অরুণা বিশ্বাস, ৫. শামীম আরা নিপা, ৬. রোকেয়া প্রাচী, ৭. মাহিয়া মাহি, ৮. নিপুন আক্তার, ৯. তানভীন সুইটি, ১০. হৃদি হক, ১১. জ্যোতিকা জ্যোতি, ১২. সাজু খাদেম, ১৩. সোহানা সাবা, ১৪. পিয়া জান্নাতুল, ১৫. শামীমা তুষ্টি, ১৬. হিরো আলম, ১৭. আশনা হাবীব ভাবনা, ১৮. সাইমন সাদিক, ১৯. সুজাতা আজিম, ২০. জায়েদ খান, ২১. অজিজুল হাকিম, ২২. চন্দন রেজা, ২৩. আসাদুজ্জামান নূর, ২৪. মারিয়া কিশপট্টা, ২৫. শান্তা ফারজানা, ২৬. সোমা ইসলাম এবং ২৭. আনিস আলমগীর।

















