বৃটেনের উত্তর ইয়র্কশায়ার এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ মোট সাতজন প্রাণ হারিয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকায় এ৬৬ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভক্সওয়াগন পাসাট মডেলের একটি গাড়ি ভুল দিক দিয়ে মহাসড়কে প্রবেশ করে। এসময় কর্তব্যরত অবস্থায় থাকা ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ির সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা এবং ভক্সওয়াগন পাসাট গাড়িতে থাকা পাঁচ আরোহী—সবাই ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলের মধ্যে বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের চিকিৎসক এবং বিশেষ ঝুঁকি মোকাবিলা দলের সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযানে অংশ নেন।
পুলিশের তদারকি সংস্থা জানিয়েছে, সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়ে সেটিকে অনুসরণ করছিলেন। বর্তমানে নিহত পাঁচ সাধারণ নাগরিকের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। যাদের পরিচয় ইতিমধ্যে শনাক্ত হয়েছে, তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে।
ক্লিভল্যান্ড পুলিশ নিজস্বভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া দুর্ঘটনার কারণ এবং এর আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখার জন্য স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসি (IOPC) তদন্তের কাজ শুরু করেছে।

















