কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানা পুলিশ বাদী হয়ে এই মামলাটি করেছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ১ জনকে অর্থাৎ ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রিসোর্টের মালিক ও ব্যবস্থাপক ছাড়া অন্য কেউ এই মামলায় আসামি কি না, সে বিষয়ে ওসি স্পষ্ট করে কিছু জানাননি।
এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওসি আতিকুর রহমান মজুমদার জানান, উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি এবং পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই এই ডিএনএ পরীক্ষা করা হবে। এরপরই মরদেহ হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কক্সবাজার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হবে।

















