প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ০৫
ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একে অপরের প্রতি আগ্রহী বলে মনে করেন রিপাবলিকান কৌশলবিদ এবং হোয়াইট হাউস ও জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা মার্ক ফাইফল। তার পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইফল কূটনীতির প্রেক্ষাপটে বলেন, আলোচনার টেবিল থেকে কোন বিষয়গুলো সরিয়ে নেওয়া হচ্ছে, সেটিও অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি পুনরায় সামনে এনেছেন, তখন তিনি অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং হামলা বন্ধ করার মতো নির্দিষ্ট কিছু শর্তের ওপর গুরুত্ব দিয়েছেন।
মার্ক ফাইফল আরও বলেন, ইরানের পক্ষ থেকে ক্ষতিপূরণ বা পুনর্গঠনের অর্থের কোনো দাবি না জানানো একটি অত্যন্ত ‘সুনির্দিষ্ট ইঙ্গিত’। তার মতে, এটি প্রমাণ করে যে দুই পক্ষের কঠোর অবস্থানের মধ্যেও যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল কিছুটা হলেও কাজ করছে। সবশেষে ফাইফল মন্তব্য করেন, বর্তমানের কঠোর বাগাড়ম্বর সত্ত্বেও আগামী কয়েক সপ্তাহে আলোচনার পথ খুঁজে পেতে উভয় পক্ষই আগ্রহী।

















