যুক্তরাষ্ট্রের ইতিহাসে একক কোনো ঘটনায় সবচেয়ে বড় ভিসা বাতিলের নজির গড়তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথিতে এই তথ্য উঠে এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার সঙ্গেও কথা বলেছে সংবাদমাধ্যমটি। নথি ও কর্মকর্তাদের ভাষ্যমতে, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের মধ্যে যারা বি-ওয়ান এবং বি-টু ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকেই এই ২ লাখ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। মূলত বাণিজ্য ও পর্যটন ভিসার অপব্যবহার রোধে এই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

















