অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উত্তরা ইউনিভার্সিটিতে পর্দা নামল সপ্তাহব্যাপী সর্ববৃহৎ আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ‘ভিসি স্পোর্টস উইক ২০২৬’-এর। গত ৩ আগস্ট ২০২৬ তারিখে একটি বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা-র নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রতি সম্মান জানিয়ে এবং শিক্ষার্থীদের নেতৃত্ব, সততা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই টুর্নামেন্টটি তাঁর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। গত ২৭ জুলাই শুরু হওয়া এই প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর অধীনে থাকা স্পোর্টস ক্লাব।
টুর্নামেন্টটিতে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম এবং টেবিল টেনিস—এই ছয়টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিভাগের ৫৪০ জন শিক্ষার্থী ক্রীড়াবিদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সমাপনী পর্বে বিজয়ীদের পাশাপাশি বিজিত দল ও সেরা খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, খেলাধুলা কেবল মাঠের জয়-পরাজয়ের লড়াই নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা তৈরি করে। সমাপনী অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের গান পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ‘এনকোর’ ও ‘ইডেনস গার্ডেন’-এর পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে উত্তরা ইউনিভার্সিটি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

















