দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে আরও ১২ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত ২৪ জুন ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপের ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত করে। মন্ত্রণালয় জানিয়েছে, বড় ধরনের এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা চালিয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। ভূমিকম্পে মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

















