কর্মক্ষেত্রে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে সহকর্মীরা সময়মতো ডেটা, রিপোর্ট বা প্রয়োজনীয় তথ্য প্রদানে গড়িমসি করেন। বারবার তাগিদ দেওয়ার পরও যখন কাজ আটকে থাকে, তখন অনেক সময় বিরক্তি বা ঝগড়ার সৃষ্টি হয়। তবে করপোরেট জগতে সম্পর্ক নষ্ট করে খুব কম ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া সম্ভব। তাই ধৈর্য, কৌশল এবং পেশাদার আচরণই হতে পারে যেকোনো সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান।
অফিসে কাজ করার সময় মনে রাখতে হবে, সহকর্মীরা শত্রু নন, বরং সহযোদ্ধা। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। যাদের ওপর আপনার কাজ নির্ভর করে, তাদের সাথে শুধু প্রয়োজনের সম্পর্ক রাখলেই চলে না, বরং মাঝেমধ্যে খোঁজখবর নেওয়া বা প্রয়োজনে পাশে দাঁড়ানো সম্পর্কের যত্ন নিতে সাহায্য করে। কোনো সহকর্মী যদি বারবার দেরি করেন, তবে প্রতিবার ফোন বা বার্তা দিয়ে বিরক্ত না হয়ে সরাসরি তাঁর ডেস্কে গিয়ে কথা বলুন। দুই মিনিটের আন্তরিক আলোচনা বা এক কাপ চা অনেক সময় দীর্ঘদিনের অস্বস্তি দূর করতে পারে।
পারস্পরিক কাজের ক্ষেত্রে আগে নিজের দায়িত্ব সময়মতো শেষ করুন। মানুষ সাধারণত সহযোগিতার প্রতিদান দিতে চায়, যা অন্যের মধ্যেও দায়িত্ববোধ তৈরি করে। এছাড়া ছোট ছোট সৌজন্যমূলক আচরণ যেমন জন্মদিনের শুভেচ্ছা বা ছোট্ট কোনো উপহার সম্পর্কের গভীরতা বাড়ায়। কোনো সহকর্মীর রিপোর্টে ভুল থাকলে সরাসরি বসের কাছে অভিযোগ না করে বরং ব্যক্তিগতভাবে তাঁকে বিনয়ের সঙ্গে সহায়তা করুন। ভুল সংশোধন করুন, মানুষ নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোনো অভিযোগের প্রয়োজন হলে তা যেন তথ্যভিত্তিকভাবে উপস্থাপিত হয়। কত দিন দেরি হয়েছে এবং এতে কাজের কী ক্ষতি হয়েছে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরুন। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে দেরি হওয়ার পেছনের কারণ জানার চেষ্টা করুন, কারণ সব সময় দেরি ইচ্ছাকৃত হয় না। অফিসে অন্যের সমালোচনা ছড়ানো থেকে বিরত থাকুন, কারণ এটি কর্মপরিবেশ বিষিয়ে তোলে।
দীর্ঘমেয়াদে কাজের দক্ষতা বাড়াতে অন্যের ওপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করুন। নতুন সফটওয়্যার বা টুল আয়ত্ত করার মাধ্যমে নিজেই ডেটা সংগ্রহ করার দক্ষতা অর্জন করলে প্রতিষ্ঠানের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। নতুন কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়ে দ্রুত পরিবর্তন আনার চেয়ে আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং ধাপে ধাপে উন্নতির উদ্যোগ নিন। করপোরেট জীবনে সম্পর্ক আর দায়িত্বের সূক্ষ্ম ভারসাম্য রক্ষাকারী ব্যক্তিই শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে সফল হন।

















