নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে সজীব ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ ১০ থেকে ১২ জনের একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্বজনরা খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

















