ফিলিস্তিনের গাজায় নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই এক মর্মান্তিক ইসরায়েলি বিমান হামলায় ৮ বছর বয়সী শিশু ওয়াফা ইউসুফ নাবিল আকিলা ও তার বাবার মৃত্যু হয়েছে। নীল স্কুল ইউনিফর্ম পরে ক্লাসে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ি ফেরার পথে তারা এই হামলার শিকার হন।
রোববার (৬ সেপ্টেম্বর) আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, গাজার হামিদ মোড়ের কাছে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। এতে শিশু ওয়াফা ও তার বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামলার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ওয়াফা নীল স্কুল ইউনিফর্ম পরে হাসিমুখে ক্যামেরার দিকে থাম্বস-আপ দেখাচ্ছে। নতুন শিক্ষাবর্ষে স্কুলে যাওয়ার আনন্দ ছিল তার চোখে-মুখে। তবে হামলার পরের করুণ দৃশ্যপট বলছে ভিন্ন কথা। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, আগুনে পোড়া গাড়ির ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ওয়াফার বই-খাতা ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী।

















