ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম, ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং অর্জিত অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘আবরার ফাহাদ হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য তুলে ধরেন। সাক্ষাৎকালে প্রফেসর ড. এ. কে. মতিনুর রহমান তার রচিত কয়েকটি গবেষণামূলক বই প্রধানমন্ত্রীর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রী বইগুলো সাদরে গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি কুষ্টিয়া সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। উপাচার্য বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের সময় বিশ্ববিদ্যালয়ের নতুন হলটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়টি তার সফরসূচির তালিকায় অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সাথে এই আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

















