প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৪। চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে আয়োজিত এই অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহতেশামুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ এহতেশামুল হক খান বলেন, গ্রাহকদের কাছে “বেস্ট সলিউশন পার্টনার” বা বিশ্বস্ত সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। তিনি গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করতে প্রতিটি কর্মীকে গ্রাহকদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ব্যাংকের সামগ্রিক কৌশলগত লক্ষ্য অর্জন এবং বাজারে ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কনক্লেভে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। তাঁরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশলগুলো তুলে ধরেন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সময় শাখা ব্যবস্থাপকদের কাজের পর্যবেক্ষণ তুলে ধরেন এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

















