মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথম ঘটনাটি ঘটে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে, যেখানে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পরই টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে আরও একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের পর টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে তৃতীয় বিস্ফোরণটি ঘটে। তবে এই ঘটনায় আশপাশে থাকা কোনো ব্যক্তি আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানিয়েছেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সহকারী প্রক্টরদের পাঠানো হয়েছে। কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এ বিষয়ে তদন্ত চলছে।
প্রক্টর কার্যালয়ের নিরাপত্তাকর্মী দলের প্রধান ইউসুফ হারুন জানান, তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন। জগন্নাথ হলের সামনে বিস্ফোরণের সময় ওই সড়ক দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দেখা যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, কেউ হয়তো হলের ওপর থেকে ককটেলগুলো ছুড়ে থাকতে পারে, তবে এটি নিশ্চিত নয়। অন্যদিকে, টিএসসি মেট্রোরেল স্টেশনের বিস্ফোরণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, মোটরসাইকেলে এসে কেউ ককটেল ছুড়ে পালিয়ে গেছে। যদিও এই তথ্যের সত্যতাও এখনো যাচাই করা হচ্ছে।
এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।

















