ব্যালন ডি’অরের জন্য ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনা করা হবে। বিশ্ব ফুটবলের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নির্ধারণে ক্লাব মৌসুমের পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্স বড় প্রভাব ফেলবে। তবে এই নির্বাচন প্রক্রিয়ায় এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, কারণ ক্লাব ফুটবলে উজ্জ্বল পারফরম্যান্স করা অনেক খেলোয়াড় বিশ্বকাপে ফিকে ছিলেন, আবার বিশ্বকাপে আলো ছড়ানোদের ক্লাবের পারফরম্যান্স ছিল নিম্নমুখী। ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ১০০ আন্তর্জাতিক সাংবাদিকের ভোটের পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কিলিয়ান এমবাপে এই পুরস্কার জয়ের জন্য বেশ সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন, যার পেছনে রয়েছে তার শক্তিশালী পরিসংখ্যান। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে ব্যালন ডি’অর জিতলে ১ কোটি ৫০ লাখ ইউরো বোনাস পাওয়ার শর্ত রয়েছে তার। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও আন্তর্জাতিক বিরতি মিলিয়ে তার গোলসংখ্যা ১৬। সব মিলিয়ে ৫৮ গোল নিয়ে তিনি ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, যা আর্লিং হালান্ডের সমান। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই গোল করার পাশাপাশি লা লিগায় বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও তিনি গোল পেয়েছেন। তবে ব্যক্তিগত গোলের প্রতি অতিরিক্ত মনোযোগ এবং রক্ষণভাগে সহায়তা করতে অনীহার কারণে রিয়াল মাদ্রিদ বেশ কয়েকবার বিপদে পড়েছে। তাছাড়া ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় বাঁ দিকে সরে খেলায় রিয়াল মাদ্রিদ পেনাল্টি এলাকায় একজন নির্দিষ্ট আক্রমণভাগের খেলোয়াড়কে হারিয়েছে।
অন্যদিকে, ফ্রান্সের জন্য এমবাপের চেয়ে আর্জেন্টিনার জন্য মেসি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলেন, যা তাকে আটটি ব্যালন ডি’অর এনে দিয়েছে। মাঠের খেলায় আর্জেন্টিনার এই জাদুকরের সামগ্রিক প্রভাবের ধারেকাছে কেউ নেই। এমনকি ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিটি বছরই তার এই পুরস্কার পাওয়ার দাবি ছিল। তবে আগামী মাসে নবম ব্যালন ডি’অর জয় করাটা বড় চমক হিসেবে বিবেচিত হবে। কারণ ইউরোপের বাইরে ক্লাব ফুটবল খেলার কারণে ভোটাররা তাকে কিছুটা পিছিয়ে রাখতে পারেন। ইন্টার মায়ামির হয়ে বিবেচ্য সময়ে ৩০ ম্যাচে মেসির ৫২ গোল ও অ্যাসিস্টের সম্মিলিত পরিসংখ্যান সত্ত্বেও ব্যালন ডি’অর নির্বাচনে তার প্রভাব কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

















