বিমানবাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুরহস্য উদ্ঘাটনের লক্ষ্যে পুলিশ এখন এক তরুণীর সন্ধানে নেমেছে। নিখোঁজ হওয়ার আগে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে তাহসিফকে ওই তরুণীর সঙ্গে দেখা গিয়েছিল। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তদন্তকারী সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে’ তাহসিফ ওই তরুণীকে নিয়ে যান। সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে দীপকেও উপস্থিত থাকতে দেখা গেছে। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ২৪ থেকে ২৫ বছর বয়সী ওই তরুণীকে শনাক্ত করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন। তবে ঠিক কী কারণে তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং এরপর কী ঘটেছিল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাননি তদন্তকারীরা। দীপের দেওয়া বক্তব্যে অসংগতি থাকায় পুলিশ তা যাচাই-বাছাই করছে।
ঘটনার ধারাবাহিকতায়, গত বৃহস্পতিবার রাতে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেফাজতে নেয়। এরপর শুক্রবার রাতে তাকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই রাতে তাহসিফের বাবা এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। শনিবার আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দিপের ডাকে সাড়া দিয়ে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। পরদিন বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পকেটে থাকা মুঠোফোনের সূত্র ধরেই পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

















