জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সুবিধার্থে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং তাদের সঙ্গে থাকা কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান করা হয়েছে। আগামী সপ্তাহে নিউইয়র্কে এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ইরান থেকে আসা এই প্রতিনিধি দলের সফর নিশ্চিত করার লক্ষ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, আয়োজক দেশ হিসেবে আন্তর্জাতিক যে বাধ্যবাধকতা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ইরান সরকারের মূল প্রতিনিধি দলকে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। তবে অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধিদের ওপর কিছু বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ইরান থেকে সীমিতসংখ্যক প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দেশটিতে অবস্থানকালে তাদের ওপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ প্রযোজ্য থাকবে। এছাড়া, বিলাসবহুল পণ্য কেনার ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোও তাদের জন্য কার্যকর থাকবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনটি বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, একই অধিবেশনে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভিসার আবেদন করলেও মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, মাহমুদ আব্বাস সশরীরে উপস্থিত হতে না পারলেও তার বক্তব্যের ভিডিও অধিবেশন চলাকালে প্রচার করা হবে।

















