অপরাধ

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের বসতঘর ভস্মীভূত

প্রতিবেদক
সব খবর

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারটি পরিবারের বসতঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতের শেষভাগে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের অন্যান্য ঘরগুলো রক্ষা পায়। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৬ লাখ টাকা বলে ফায়ার সার্ভিস নির্ধারণ করেছে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে মোছা. হাসিনা বেগমের প্রায় ৫ লাখ, মো. শফিকুল ইসলামের ৮ লাখ, মো. সমেজ উদ্দিনের ৫ লাখ এবং মো. মুফাজ্জল মিয়ার প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তারা জানিয়েছে।

সব খবর