নিউইয়র্কে চার দিনের সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, এই সফরে ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ আটটি সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট কর্মসূচি, জাতিসংঘের সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মাহদী আমিন উল্লেখ করেন, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার সকালে ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে জেপি মরগান চেজ আয়োজিত প্রাতরাশ বৈঠকে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় ফিরে আসাকে স্বাগত জানানো হয় এবং বিশ্বশান্তিতে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা ও খনিজ খাতে সহযোগিতার পাশাপাশি দেশগুলো প্রধানমন্ত্রীকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচির মধ্যে পাঁচটিতে বক্তব্য রেখেছেন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, মিয়ানমারবিষয়ক বিশেষ দূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
রোহিঙ্গা সংকট, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, মিডওয়াইফারি, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডা. জুবাইদা রহমানও জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্সসহ আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়ে চারটিতে বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল চার দিনে প্রায় ৮০টি বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। মাহদী আমিন আরও জানান, দীর্ঘ সময় পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

















